দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভুয়া কাগজপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিগত ১৭ বছরে যেসব মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে গেছে, তারা প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করলে তা যাচাই-বাছাই করে পুনরায় ভাতা চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
মুক্তিযোদ্ধাদের জন্য বিনা সুদে ঋণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংসদে গাইবান্ধা-৪ আসনের সদস্য শামীম কায়সার লিংকন অভিযোগ করেন, গত ১৭ বছরে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অনেককে ভুয়া কাগজে তালিকাভুক্ত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে রাজাকারদেরও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চান।
জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘অমুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের সন্তানদের চাকরি এবং অবৈধ সুবিধা নেওয়ার বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো যাবে।’
এমএস/